নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ধোবাউড়ায় এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ও হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডোমগাটা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত।
পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুষ্কৃতকারী সাইফুল্লাহর বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। একইসঙ্গে বসতঘরের টিনের বেড়া কুপিয়ে সেখানেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে বাড়ির সদস্যরা দ্রুত টের পাওয়ায় এবং আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বসতঘরটি রক্ষা পেয়েছে। ঘটনার সময় বাড়িতে সাইফুল্লাহর বাবা-মা, বড় ভাই, স্ত্রী ও দুই সন্তান অবস্থান করছিলেন।
ভুক্তভোগী ছাত্রনেতা মো. সাইফুল্লাহ জানান, রাজনৈতিক কারণে আগে থেকেই তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছিল। বিশেষ করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ছাত্রলীগ সন্দেহে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে হুমকির মাত্রা বেড়ে যায়।
সাইফুল্লাহর দাবি, হামলার পর তাকে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে ভয় দেখানো হয়েছে। তিনি বলেন, “এলাকায় সরাসরি কোনো শত্রুতা ছিল না, তবে পলাতক আওয়ামী লীগ কর্মীরা ফেসবুকে নিয়মিত হুমকি দিচ্ছিল। এই ঘটনার বিচার চেয়ে আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন ছাত্রশক্তির মোজাম্মেল হোসেন, সাবেক সদস্য সচিব আলী হোসেন এবং বিপ্লবী মঞ্চের আল নূর মোহাম্মদ আয়াসসহ অন্যান্যেরা।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাকড়ি রাখার ঘরে অগ্নিকাণ্ড এবং বসতঘরের টিনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের দাবি অনুযায়ী বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তদন্ত সাপেক্ষে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।