সারাদেশ

রূপগঞ্জে পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ কারবারি হানিফ আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:৫৭, ১২ মার্চ ২০২৬
photo

রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ীর টেক এলাকায় ধাওয়া করে তাদের আটক করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি প্রাইভেটকারে করে মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঠাকুরবাড়ীর টেক এলাকায় অবস্থান নেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মাদকবাহী গাড়িটি সেখানে পৌঁছালে তারা সেটিকে ধাওয়া করেন।

এ সময় গাড়ি তল্লাশি করে একটি বিদেশী পিস্তল এবং বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

 

আটকের সময় মাদককারবারিরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে এবং উপস্থিত নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে যুবদলের অন্তত ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটককৃতদের হেফাজতে নেয়।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

 

এই ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। উপজেলাজুড়ে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।