নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহু ইরানের হামলায় নিহত হয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, তা নাকচ করে দিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম। তারা দাবি করেছে, নেতানিয়াহু পরিবার বর্তমানে সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
সোমবার ইরানের তাসনিম নিউজ এজেন্সিসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দাবি করা হয় যে, ইরানের সাম্প্রতিক হামলায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহু প্রাণ হারিয়েছেন। এমনকি কিছু পোস্টে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গভার গুরুতর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। গত ফেব্রুয়ারি মাসে ইরানে মার্কিন-ইসরাইল বিমান হামলার পর থেকেই এই পরিবারকে কেন্দ্র করে নানা ধরনের গুজব ডালপালা মেলতে শুরু করে।
তবে ইসরাইলের অভ্যন্তরীণ বিভিন্ন সূত্র এবং গণমাধ্যম এসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে প্রচার করছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মার্চ বেনিয়ামিন নেতানিয়াহুকে সুস্থ অবস্থায় আশদোদ বন্দরে দেখা গেছে। সেখানে তিনি হামলার ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন এবং সামুদ্রিক বাণিজ্য সচল রাখার লক্ষে পরিচালিত ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এর কার্যক্রম তদারকি করেন।
মৃত্যুর গুঞ্জনের মাঝেই এক ভিডিও বার্তার মাধ্যমে জনসম্মুখে এসেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওতে তিনি সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে বলেন, "আমাদের যুদ্ধ শুরু করা ছাড়া কোনো উপায় ছিল না। তবে এই যুদ্ধের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন।" যুদ্ধের খরচ মেটানোর জন্য তিনি কয়েক বিলিয়ন শেকেলের (ইসরাইলি মুদ্রা) একটি বিশেষ প্রতিরক্ষা বাজেট ঘোষণা করার পরিকল্পনার কথাও জানান।
প্রধানমন্ত্রীর ভাই ইদ্দো নেতানিয়াহু পেশায় একজন চিকিৎসক ও লেখক। তিনি হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং রেডিওলজিতে তার বিশেষ প্রশিক্ষণ রয়েছে। চিকিৎসার পাশাপাশি তিনি নাটক ও বই রচনার জন্য পরিচিত।
মূলত ইরানের পক্ষ থেকে নেতানিয়াহুর মৃত্যুর দাবি জানানো হলেও, ভিডিও বার্তা এবং দাপ্তরিক উপস্থিতির মাধ্যমে ইসরাইল সেই দাবিকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে।