নিজস্ব প্রতিবেদক
ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের ১২তম দিনে সংঘাতের মাত্রা তীব্রতর হয়েছে। বুধবার ইরান থেকে ইসরায়েল অভিমুখে নতুন করে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত হওয়ার পরপরই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি (IRIB)এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দাবি অনুযায়ী, বুধবারের এই হামলা ছিল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চালানো সবচেয়ে শক্তিশালী ও ভারী আক্রমণ। তেল আবিব ও হাইফাসহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে হামলার ফলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো প্রকাশ করেনি।
সংঘাতের আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পূর্বাঞ্চল অভিমুখে আসা আরও একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা।
এদিকে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প আরিফজান (Camp Arifjan) লক্ষ্য করে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের আইআরজিসি। ইরানের সংবাদ সংস্থা ফার্স ও মেহের নিউজ এই তথ্য নিশ্চিত করলেও কুয়েত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।