সারাদেশ

নির্বাচিত সরকারকে বিব্রত না করার আহ্বান মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:০১, ১০ মার্চ ২০২৬
photo

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমান সরকারকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত উল্লেখ করে একে কোনোভাবেই বিব্রত না করার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী সাম্প্রতিক স্লোগানের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো 'রাতের ভোটের' সরকার নয়, বরং কোটি মানুষের সমর্থনে গঠিত। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের দাবি জানানোর জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি বা সিস্টেম রয়েছে। সেই পথ অনুসরণ না করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সরকারকে বিব্রত করা সমীচীন নয়।

 

পবিত্র রমজান মাসের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ক্ষমতার লোভে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি অপপ্রচার ও গালিগালাজ থেকে বিরত থাকতে পরামর্শ দেন। নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তরুণ সমাজকে মিথ্যা ও অপবাদের রাজনীতি ছেড়ে সত্যের পথে থেকে নিজেদের ক্যারিয়ার গড়ার আহ্বান জানান।

 

সরকারের দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এক মাস পূর্ণ হওয়ার আগেই সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। ভবিষ্যতে কৃষক কার্ডসহ আরও জনকল্যাণমূলক প্রকল্প আসছে। দীর্ঘ ১৭ বছরের পূর্ববর্তী শাসন আমলের ধ্বংসস্তূপ কাটিয়ে উঠতে সরকারকে সময় দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রশাসন মাত্র কয়েকদিন হলো দায়িত্ব নিয়েছে, তাই গঠনমূলক সমালোচনা ছাড়া অহেতুক দোষারোপ করা অনাকাঙ্ক্ষিত।

 

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেলসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

 

দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনকল্যাণে সরকারকে নিরবচ্ছিন্নভাবে কাজ করার সুযোগ দিতে তিনি সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।