নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গ্রাহকদের আর্থিক লেনদেন সচল ও নিরবচ্ছিন্ন রাখতে দেশের সব তফসিলি ব্যাংককে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ টাকা সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অনলাইন লেনদেনে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটির সময় গ্রাহকরা যাতে টাকা তুলতে গিয়ে কোনো সমস্যায় না পড়েন, সেজন্য প্রতিটি এটিএম বুথে পর্যাপ্ত টাকা মজুত রাখতে হবে। একইসঙ্গে বুথগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পাহারাদারদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। যদি কোনো বুথে কারিগরি ত্রুটি দেখা দেয়, তবে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে।
পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেন যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। অনলাইন কেনাকাটায় জালিয়াতি রোধ করতে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা কার্যকর রাখা এবং গ্রাহকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ছুটির সময়ে যেকোনো অংকের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে গ্রাহককে এসএমএস অ্যালার্টের মাধ্যমে জানাতে হবে। এছাড়া গ্রাহকদের যেকোনো প্রয়োজনে সহায়তার জন্য ব্যাংকের হেল্পলাইন বা কাস্টমার কেয়ার সার্ভিস সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ঈদুল ফিতরের ছুটি থাকবে। মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ বাড়তি ছুটি অনুমোদিত হওয়ায় এই লম্বা ছুটির সুযোগ তৈরি হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।