নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ এসটিএফ-এর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত দুই নাগরিক অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অবস্থান করছে— এমন গোপন খবরের ভিত্তিতে বনগাঁ এলাকায় অভিযান চালানো হয়। ৭ মার্চ গভীর রাত থেকে ৮ মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে তারা সরাসরি জড়িত ছিলেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তারা প্রথমে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের পর আসামিরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে আত্মগোপন করেন। ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করার পর তারা পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে বনগাঁ এলাকায় জড়ো হয়েছিলেন। সেখান থেকেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে আটকা পড়েন।
আটক হওয়া দুই বাংলাদেশির বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের ১৪ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তারা এসটিএফ-এর হেফাজতে রয়েছেন।