নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড । আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক। ঘরের মাঠে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি ভারতের সামনে, আর নিউজিল্যান্ডের লক্ষ্য ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘরে তোলা।
ঘরের মাঠে দর্শক সমর্থন এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারত এই ম্যাচে ফেবারিট হিসেবে মাঠে নামলেও, পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ড এখন পর্যন্ত ভারতের জন্য এক অপরাজেয় শক্তি। এই ফরম্যাটের বিশ্ব আসরে কিউইদের বিপক্ষে খেলা তিন ম্যাচের সবকটিতেই পরাজিত হয়েছে ভারত।
এছাড়া আইসিসির বড় টুর্নামেন্টে নিউজিল্যান্ডের অতীত সাফল্যও ভারতের জন্য দুশ্চিন্তার কারণ। কিউইরা তাদের আগের দুটি বড় বৈশ্বিক শিরোপা (২০০২ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ) জিতেছিল ভারতকে হারিয়েই। ফলে আজ ভারতকে একদিকে যেমন মাঠের লড়াই জিততে হবে, অন্যদিকে জয় করতে হবে পুরনো মানসিক বাধা।
ভারত আজ মাঠে নেমেছে একঝাঁক বিধ্বংসী ব্যাটার ও কার্যকর বোলিং লাইনআপ নিয়ে। অন্যদিকে ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে নিউজিল্যান্ডও। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ মিলে ভারতের স্কোয়াড । অন্যদিকে টিম সাইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কোল ম্যাককনকি, ম্যাট হেনরি ও লোকি ফার্গুসনকে নিয়ে নিউজিল্যান্ডের স্কোয়াড।
ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ৭টায়; এখন দেখার বিষয় ভারত তাদের ব্যাটিং শক্তির প্রদর্শনী দিয়ে কিউইদের দেওয়া কঠিন পরিসংখ্যানের জাল ছিঁড়তে পারে কি না।