নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদনটি জমা দেওয়া হয়।
রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এই মামলার আবেদনটি করেন। বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, বিগত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। অভিযোগ অনুযায়ী, নির্বাচনের সময় থেকেই আসামি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করে আসছিলেন। পরাজিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে এই অপপ্রচার এবং হুমকির মাত্রা আরও বৃদ্ধি পায়।
মামলার আরজিতে বলা হয়, গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ হিসেবে সম্বোধন করেন। এই বক্তব্যটি বিভিন্ন নিউজ মিডিয়ায় প্রকাশিত হওয়ার পাশাপাশি ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে, যা মির্জা আব্বাসের রাজনৈতিক সম্মান ও দীর্ঘ ক্যারিয়ারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বাদী পক্ষের দাবি, এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট এবং শিষ্টাচারবহির্ভূত।
আদালত আবেদনটি গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া বা আদেশের অপেক্ষায় রয়েছে মামলার কার্যক্রম।