সারাদেশ

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:৪৮, ০৮ মার্চ ২০২৬
photo

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন। সেই সঙ্গে আগামী ৩০ মার্চের মধ্যে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, তথ্যের গোপনীয়তা রক্ষা এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট জমা দেয় দুদক।

 

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেনজীর আহমেদ তাঁর দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দিয়েছিলেন। তবে দুদকের তদন্তে তাঁর নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়।

 

হিসাব অনুযায়ী, তাঁর মোট অর্জিত ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। যাবতীয় ব্যয় বাদে তাঁর নিট সঞ্চয় হওয়ার কথা ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। ফলে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ তাঁর জ্ঞাত আয়ের উৎসের বাইরে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া এই বিপুল অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগ ও স্থানান্তরের মাধ্যমে এর প্রকৃত উৎস গোপন করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

 

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন এবং আগামী ৩০ মার্চের মধ্যে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।