সারাদেশ

ছুটির দিনেও অফিসে ব্যস্ত প্রধানমন্ত্রী, করলেন একাধিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:২৪, ০৭ মার্চ ২০২৬
photo

দায়িত্ব গ্রহণের পর টানা তৃতীয় শনিবারও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও প্রশাসনিক কাজ সম্পন্ন করেন।

 

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে কার্যালয়ে উপস্থিত ছিলেন জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালন করেন।

 

দুপুর ১২টায় কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার। বৈঠকে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পাটের সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

দুপুর আড়াইটায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে মিলিত হন। এ সময় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন এবং একটি কার্যকর ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

দিনের দাপ্তরিক কাজ শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ এবং এতিম শিশুদের সম্মানে আয়োজিত একটি বিশেষ ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।