সারাদেশ

ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সহায়তার ঘোষণা প্রবাসীকল্যাণ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩:৪৪, ০৭ মার্চ ২০২৬
photo

ফ্লাইট বাতিলের কারণে যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকিতে রয়েছে, তাদের সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

 ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় মন্ত্রণালয় ইতিমধ্যে একটি বিশেষ হটলাইন সেবা চালু করেছে বলেও জানান তিনি। এছাড়া যুদ্ধে কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে দ্রুত আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন মন্ত্রী।

 

আজ শনিবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধপরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। যুদ্ধকবলিত দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের অবস্থা দূতাবাসগুলোর মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী নিজেও সার্বিক পরিস্থিতি তদারকি করছেন বলে তিনি উল্লেখ করেন।

 

সিলেটে সাম্প্রতিক ছিনতাই ও অপরাধ প্রবণতা বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।একটি নিরাপদ সিলেট নিশ্চিত করতে প্রশাসনকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হয়েছে।

 

একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। একাডেমির সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা উৎসবের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন।

 

প্রবাসীদের যেকোনো সংকট মোকাবিলায় সরকার সামর্থ্য অনুযায়ী পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ বলে সমাপনী বক্তব্যে পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।