নিজস্ব প্রতিবেদক
গত ফেব্রুয়ারি মাসে দেশের সড়কপথগুলোতে মৃত্যুর মিছিল থামেনি। মাসজুড়ে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ১৮১ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সর্বশেষ দুর্ঘটনা মনিটরিং প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। আজ সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত এবং ৩৮৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনার খবর পাওয়া গেছে বরিশাল বিভাগে, যেখানে ২২টি দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৮৫ জন।
সড়কের পাশাপাশি রেল ও নৌপথের চিত্রও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছ ,রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ জন
এবং নৌপথে ৬টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে ।
ফেব্রুয়ারিতেও সড়ক দুর্ঘটনার একটি বড় অংশ জুড়ে ছিল মোটরসাইকেল। মোট দুর্ঘটনার ৩৩.৭% ছিল মোটরসাইকেল দুর্ঘটনা (১৫১টি), যাতে প্রাণ হারিয়েছেন ১৬৭ জন এবং আহত হয়েছেন ১৩৭ জন।
দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে মোটরসাইকেল: ২৬.৩৪% ,ট্রাক, পিকআপ ও লরি: ২৩.৭২% ,বাস: ১৫.২৮% ,ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক: ১৪.২৬% ,নছিমন-করিমনসহ অন্যান্য লোকাল যান: ৮.৮৭% ,কার, জিপ ও মাইক্রোবাস ৬.৪৭% এবং সিএনজিচালিত অটোরিকশা: ৪.৮% ।
বিশ্লেষণে দেখা গেছে, দুর্ঘটনার প্রায় ৪২.৬৩% ঘটেছে জাতীয় মহাসড়কে। এছাড়া আঞ্চলিক মহাসড়কে ২৫.৪৪% এবং ফিডার রোডে ২৭% দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঢাকা মহানগরীতে দুর্ঘটনার হার ৩.৩৪%, চট্টগ্রাম মহানগরীতে ০.৪৪% এবং রেলক্রসিংয়ে ১.১১%।
দুর্ঘটনার ধরন অনুযায়ী, সবচেয়ে বেশি ৪১.৭৪% ছিল গাড়ি চাপা দেওয়ার ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয়েছে ৩৩.২৫%, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ১৭.১৮% এবং ট্রেনের সাথে যানবাহনের সংঘর্ষ হয়েছে ১.১১% ক্ষেত্রে। এছাড়া অসাবধানতাবশত চাকায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার হার ছিল ০.২২%।
দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই নিয়মিত পর্যবেক্ষণ প্রতিবেদনটি তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতির মনিটরিং সেল।
সড়ক নিরাপত্তায় যথাযথ তদারকি ও সচেতনতা বৃদ্ধি না পেলে এই প্রাণহানি কমানো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা