সারাদেশ

রামাযান কি শুধুই একটি মাস?

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৪:১৮, ০৬ মার্চ ২০২৬
photo

বছরের ৩৬৫টি দিন। আমাদের কত হিসাব! শিক্ষাবর্ষ শেষে কতটুকু শিখলাম, অর্থবছর শেষে কতটুকু আয় হলো, এমনকি জীবনের কয়টি বসন্ত চলে গেল—সবকিছুর রেকর্ড আমাদের নখদর্পণে। কিন্তু রামাযান? কয়টি রামাযান এলো আর গেল, তার কি কোনো হিসাব রেখেছি আমরা? নাকি রামাযান আমাদের কাছে কেবল একটি ক্যালেন্ডারের পাতা মাত্র?

 

আমাদের কাছে রামাযান মানেই যেন এক ‘মৌসুম’। ব্যবসায়ীর কাছে এটি টাকা উপার্জনের মাস—চড়া দামে পণ্য বিক্রির প্রতিযোগিতা। রাজনীতিবিদের কাছে এটি জনসংযোগের মাস—বিরিয়ানি আর পাঞ্জাবি-টুপির প্রদর্শনী। সাধারণ মানুষের কাছে এটি কেবল বাহারি ইফতার আর শপিং-এর ক্লান্তিকর ব্যস্ততা।

 

আমরা কি আসলেই সিয়াম পালন করছি? নাকি কেবল ক্ষুধার্ত থাকছি?

 

এবার একটু ইতিহাসের পাতায় ফিরি। আমাদের সালাফগণ বা পূর্বসূরিরা রামাযানকে দেখতেন অন্য চোখে। মুআল্লা বিন ফাযল (রহ.) বলেন, তারা ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যেন রামাযান পর্যন্ত পৌঁছাতে পারেন। আর বাকি ছয় মাস দোয়া করতেন যেন তাদের আমলগুলো কবুল হয়।

 

ওমর ইবনুল খাত্ত্বাব (রা.) বলতেন—কেবল পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। বরং মিথ্যা, অনর্থক কাজ আর পাপাচার থেকে বেঁচে থাকাই হলো প্রকৃত সিয়াম। জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন—যখন তুমি সিয়াম রাখবে, তখন যেন তোমার জিহ্বা, চোখ আর কানও হারাম থেকে সিয়াম পালন করে।

 

রামাযান মানেই কুরআনের সুঘ্রাণ। ইমাম মালেক (রহ.) রামাযান এলে হাদীসের দরস বন্ধ করে কেবল কুরআনে মগ্ন হতেন। কাতাদা (রহ.) শেষ দশকে প্রতি রাতে একবার কুরআন খতম করতেন।

 

আর আমাদের অবস্থা? সারা মাস চলে যায়, অথচ এক খতম তো দূরে থাক, প্রতিদিন নিয়মিত তিলাওয়াতটুকুও হয়ে ওঠে না।

 

সালাফদের কাছে এটি ছিল দান আর বিনিদ্র রজনীর মাস। ইবনে ওমর (রা.) এতিম-মিসকীন ছাড়া ইফতার করতেন না। অথচ আমরা ২০ মিনিটের তারাবীহ খুঁজি, আর যাকাতের হিসাব এড়িয়ে চলি। আবু যার (রা.)-এর সেই অমোঘ বাণী কি আমাদের কানে পৌঁছায় না? "কবরের নিঃসঙ্গতা থেকে বাঁচতে রাতের আঁধারে সালাত আদায় করো।"

 

রামাযান ফুরিয়ে যাবে। হয়তো এটিই আপনার জীবনের শেষ সুযোগ। সামান্য এক মাসের কষ্টের বিনিময়ে যদি মিলে যায় অনন্তকালের জান্নাত, তবে সেই কষ্ট কি খুব বেশি? আসুন, এবারের রামাযানকে কেবল উৎসব না বানিয়ে, পরিবর্তনের হাতিয়ার বানাই।

আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।