সারাদেশ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০২:৫৪, ০৬ মার্চ ২০২৬
photo

মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে এই শীর্ষ দুই নেতার মধ্যে একান্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে এই ফোনালাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুদ্ধের প্রভাবে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেন।

 

প্রতিউত্তরে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই আন্তরিক উদ্বেগ ও সমর্থনের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি দেশটির সরকার ও প্রেসিডেন্টের বিশেষ যত্নের প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান। এছাড়া বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত এবং কর্মকর্তাদের বিভিন্ন সহযোগিতার জন্য তিনি আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমির প্রতিও ধন্যবাদ জানান।

 

আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের প্রতিশ্রুতি দেন।

 

আঞ্চলিক এই সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে এবং বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে না পড়ে, সেজন্য উভয় নেতাই সামরিক উত্তেজনা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান সংকট নিরসনে কোনো প্রকার সংঘাত নয় বরং সংলাপ ও কূটনৈতিক পন্থায় শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার ব্যাপারে দুই নেতা একমত পোষণ করেন।