নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে নিজের দপ্তর থেকেই কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক বাতি নিভিয়ে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) মাত্রা কমিয়ে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগের সূচনা করেন। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের পর পুরো সচিবালয় জুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ তৎপরতা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন। তিনি এসেই কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করেন। বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখতে এসির এই মাত্রাটি আদর্শ হিসেবে বিবেচনা করা হয়।
ব্যক্তিগত দপ্তরের পাশাপাশি মন্ত্রিপরিষদ সভাতেও প্রধানমন্ত্রী একই নজির স্থাপন করেন। বৈঠকে প্রবেশের পরপরই তিনি কক্ষের অর্ধেক বাতি বন্ধ করার এবং এসির ব্যবহার কমিয়ে আনার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তের পর সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত তাঁর দপ্তরের সকল কক্ষে তাৎক্ষণিকভাবে আলোকসজ্জা অর্ধেক কমিয়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা হয়।
সচিবালয়ের সব মন্ত্রণালয়সহ সারা দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, শপিংমল ও বিপণিবিতানগুলোতে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বিশেষভাবে পরামর্শ দিয়েছেন যেন দিনের বেলা অফিস বা বাসাবাড়িতে কৃত্রিম আলো কমিয়ে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করা হয়।