সারাদেশ

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:২৫, ০৪ মার্চ ২০২৬
photo

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বুধবার আঙ্কারার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের দিকে ধেয়ে আসছিল। তবে ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ইরাক ও সিরিয়ার উপরে থাকা অবস্থায় ন্যাটোর রাডার ব্যবস্থায় ধরা পড়ে।

পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো ক্ষেপণাস্ত্রটিকে শনাক্ত করে এবং আঘাত হেনে সেটিকে মাঝ আকাশেই অকেজো করে দেয়।

 

এদিকে, মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার রাত থেকে তিন দিনব্যাপী এই শোক কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

 

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার ছবি দেখা গিয়েছিল, তবুও শেষ মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, অবকাঠামোগত প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই অনুষ্ঠান স্থগিত থাকবে।

 

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মূলত 'লজিস্টিক' বা ব্যবস্থাপনাগত জটিলতার কারণেই এই সিদ্ধান্ত। এছাড়া ইরানের বিভিন্ন প্রদেশ থেকে সাধারণ মানুষ এই শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেওয়ার বিশেষ আবেদন জানিয়েছেন। বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে আয়োজনের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে অনুষ্ঠানের নতুন কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

 

গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ শত শত বেসামরিক নাগরিক প্রাণ হারান।

 

এই ঘটনার প্রতিবাদে ইরান বর্তমানে 'অপারেশন ট্রু প্রমিজ-৪' পরিচালনা করছে। এর আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানে বর্তমানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।