নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলার প্রভাবে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের গড় গতি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পেশ করা এক প্রতিবেদনে এই ইতিবাচক চিত্র উঠে এসেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং বর্তমানে যানবাহনের গতিপ্রকৃতি সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে প্রটোকল সংস্কৃতি পরিহার করে সাধারণ ট্রাফিক নিয়ম অনুসরণ করায় সড়কে এর বড় প্রভাব পড়েছে।
আতিকুর রহমান রুমন বলেন, এর আগে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় মাত্র ৪.৫ কিলোমিটার, যা প্রায় একজন মানুষের পায়ে হাঁটার গতির সমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তারেক রহমান ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলা শুরু করেন। রাষ্ট্রপ্রধানের এই দৃষ্টান্ত অনুসরণ করছেন রাষ্ট্রপতি এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও।
গত ১৪ দিনের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে প্রতিবেদনে জানানো হয়েছে, সড়কে ভিভিআইপিদের জন্য সাধারণ যানবাহন চলাচল আর বাধাগ্রস্ত হচ্ছে না। এর ফলে বর্তমানে যানবাহনের গড় গতি বেড়ে ৫.৩ কিলোমিটারে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরে আসার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।