নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান সামরিক সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে জড়িয়ে না পড়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, কোনো ইউরোপীয় দেশ যদি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তবে তাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে।
মঙ্গলবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হুঁশিয়ারি দেন। সম্প্রতি জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করার জন্য ‘‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’’ নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর তেহরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো।
ইসমাইল বাঘাই বলেন, “এটি যুদ্ধের শামিল। ইরানের বিরুদ্ধে এ ধরনের যেকোনো পদক্ষেপকে হামলাকারীদের সঙ্গে যোগসাজশ হিসেবে বিবেচনা করা হবে। একে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখা হবে।”
এদিকে, গত চার দিন ধরে ইরানজুড়ে চলা মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলায় নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৭ জনে। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
রেড ক্রিসেন্ট জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই হামলায় ইরানের ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি অবস্থান লক্ষ্য করে এক হাজারের বেশিবার আক্রমণ চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলায় কেবল নিহতই নয়, আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। রেড ক্রিসেন্ট সোসাইটির মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী, নিহত ৭৮৭ জনের পাশাপাশি আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে স্বতন্ত্রভাবে এই হতাহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
বর্তমানে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন দল ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ ও সহায়তা চালিয়ে যাচ্ছে।