নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘটনাকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে তিনি একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।
রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক শোকবার্তায় পুতিন তার সমবেদনা জানান। মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যুতে পুতিন বলেন, এই বর্বরোচিত হামলা মানবিক নৈতিকতার সব আদর্শকে পদদলিত করেছে। তিনি স্পষ্টভাবে জানান, এটি আন্তর্জাতিক আইনের ওপর এক চরম আঘাত।
এদিকে, এই নজিরবিহীন হামলার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা মানে হলো পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।
পেজেশকিয়ান উল্লেখ করেন, খামেনি ছিলেন কেবল ইরানের সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট আধ্যাত্মিক নেতা। তাকে এভাবে লক্ষ্যবস্তু বানানো বিশ্বের সব প্রান্তের মুসলমানদের বিরুদ্ধে উসকানি ও প্রকাশ্য শত্রুতা।
বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এই হত্যাকাণ্ডের জন্য দায়ী পক্ষগুলোর বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। তিনি সাফ জানিয়ে দেন, এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী এবং যারা এটি বাস্তবায়ন করেছে, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া ইসলামি প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও পবিত্র কর্তব্য।
ইরান এই ঘটনাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না উল্লেখ করে তিনি বলেন, নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নেতার রক্তের বদলা নিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত।