সারাদেশ

পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ ৬৩ লাখের বেশি নাম

৬০ লাখেরও বেশি ভোটার শুনানি সাপেক্ষে বিবেচনাধীন; নির্বাচনের আগে রাজনৈতিক মহলে বাড়ছে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০২:৫৭, ০১ মার্চ ২০২৬
photo

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। শনিবার প্রকাশিত এই তালিকায় ৬৩ লাখ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছে। পাশাপাশি তথ্যগত বিভিন্ন ত্রুটির কারণে ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জনের নাম শুনানি সাপেক্ষে বিবেচনায় রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুরুতে রাজ্যের ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের তালিকা নিয়ে সংশোধন কার্যক্রম শুরু হয়। গত ১৬ ডিসেম্বর প্রকাশিত প্রথম খসড়া তালিকায় নাম ওঠে ৭ কোটি ৮ লাখ ১৬ হাজার ৬৩০ জনের, যেখানে বাদ পড়েছিল ৫৮ লাখ ২০ হাজার ৮৯৯ জন। চূড়ান্ত তালিকায় ভোটারসংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লাখ ৫৯ হাজার ২৮৪ জন। এর মধ্যে বিবেচনাধীন রয়েছেন ৬০ লাখের বেশি ভোটার, যাঁদের শুনানি শেষে যোগ্যতা প্রমাণ সাপেক্ষে ধাপে ধাপে তালিকাভুক্ত করা হবে।

কলকাতায় চূড়ান্ত তালিকা প্রকাশ করে রাজ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ আগরওয়াল জানান, বাদ পড়া ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য হলেও প্রক্রিয়াটি সম্পূর্ণ আইনসম্মত ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এবার নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭০৭ জন।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভবানীপুর কেন্দ্রে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর এই কেন্দ্রে খসড়া তালিকায় ৪৪ হাজার নাম বাদ পড়ার পর চূড়ান্ত তালিকায় আরও ২ হাজার ৩৪২ জনের নাম বাদ গেছে। বর্তমানে ভবানীপুরে ভোটারসংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ২০১। অন্যদিকে, বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী–এর কেন্দ্রে ভোটারসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৩৭৮ জনে। ভবানীপুরে বিবেচনাধীন রয়েছেন ১৪ হাজার ১৮৪ জন ভোটার।

রাজ্যজুড়ে বিবেচনাধীন ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জনের মধ্যে ২৪ লাখ ৯ হাজার ৬১৩ জন সংখ্যালঘু মুসলিম ভোটার বলে জানা গেছে। এদের বড় অংশের বসবাস মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলায়।

এ পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গত বুধবার দক্ষিণ কলকাতার এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই এসআইআর প্রক্রিয়ার ফলে রাজ্যের প্রায় ১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে। তাঁর অভিযোগ, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হতে পারে।

এদিকে এত বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়া ও শুনানির জন্য বিবেচনাধীন থাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বিরোধী দলগুলো অবশ্য কমিশনের পদক্ষেপকে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ হিসেবে দেখছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের আগে এই ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।