নিজস্ব প্রতিবেদক
মো: তৌহিদুর রহমান (তানভী), বগুড়া সদর প্রতিনিধি
বগুড়ার ‘মায়ের আশ্রয়’ নামক একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ(৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, চিকিৎসার নামে ওই কেন্দ্রে সামিউলের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে, যার ফলে তার মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সামিউল হাসান শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মানসিক সমস্যায় ভুগছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি শহরের সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সংলগ্ন ‘মায়ের আশ্রয়’ নিরাময় কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। ভর্তির মাত্র ১১ দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেন্দ্রের কর্মীরা তাকে অসুস্থ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হাসপাতালে সামিউলের মরদেহ দেখার পর তারা দাবি করেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মতে, নিরাময় কেন্দ্রের ভেতরে চিকিৎসার নামে পৈশাচিক মারধর করায় তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিরাময় কেন্দ্রের এক কর্মীকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান জানান: "প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা ছিল কি না, তা আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।