সারাদেশ

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩:৪২, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
photo

দীর্ঘ ১২ বছরের বিরতি কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২০২৬ সালের এই বিশেষ বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে মোট ৪৫ হাজার ২০০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

শিক্ষার্থীরা এখন থেকেই অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবে। ওয়েবসাইটের ‘Scholarship Result’ অপশনে গিয়ে রোল নম্বর ও সাল (২০২৬) দিলেই ফলাফল দেখা যাবে।

 

এছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

 

গত ২৮ ডিসেম্বর থেকে সারা দেশের ৬১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছিল, যেখানে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষার পর রাজনৈতিক কারণে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত হলেও তা পরবর্তীতে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

 

নীতিমালা অনুযায়ী, উপজেলা পর্যায়ের কোটা এবং বোর্ডভিত্তিক আনুপাতিক হারের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করে এই বৃত্তি প্রদান করা হয়েছে।

 

ফলাফলের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে নিবন্ধিত ৮৭ হাজার ৯৪৯ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮০ হাজার ২১৮ জন। তবে সব বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৭ হাজার ৯১৯ জন শিক্ষার্থী।

 

অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ৪৩ হাজার ৬৬০ জন, কুমিল্লায় ৪০ হাজার ২১৯ জন এবং দিনাজপুরে ৪০ হাজার ২৩১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এছাড়া চট্টগ্রামে ২৯ হাজার ৫ জন, যশোরে ৩৮ হাজার ৬৭৬ জন এবং সিলেটে ২৩ হাজার ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। নতুন বোর্ডগুলোর মধ্যে ময়মনসিংহে ২৩ হাজার ২০০ জন এবং বরিশালে সবচেয়ে কম ২০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

 

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এবং ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।