নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি ও নিয়োগের বিষয়টি জানানো হয়।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তার পৈতৃক নিবাস বাগেরহাট জেলায়। আইজিপি হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আলী হোসেন ফকিরের কর্মজীবন নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক কারণে তিনি প্রথম দফায় চাকরি হারান। পরবর্তীতে তাকে দ্বিতীয়বারের মতো বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি আইনি প্রক্রিয়ায় পুনরায় বাহিনীতে ফিরে আসার সুযোগ পান।
দীর্ঘ বিরতির পর চাকরিতে ফিরে তিনি এসপি পদমর্যাদায় যোগ দেন। এরপর সুপারনিউমারারি হিসেবে তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি লাভ করেন এবং সর্বশেষ আজ তাকে পুলিশের সর্বোচ্চ পদে আসীন করা হলো।