নিজস্ব প্রতিবেদক
দেশের প্রান্তিক ও নিম্ন-আয়ের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আগামী ১০ মার্চ 'ফ্যামিলি কার্ড' বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারের এই অগ্রাধিকারমূলক প্রকল্পের শুরুতে প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলা নির্বাচন করা হয়েছে। এসব জেলার প্রতিটি থেকে একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে এটি ছিল বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি।
আসন্ন ঈদুল ফিতরের আগেই যেন প্রকৃত দুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোর হাতে এই সুরক্ষা কার্ড পৌঁছে যায়, সে লক্ষ্য নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ কমিটি কাজ করবে।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে মোট ১৪ জন সদস্য রয়েছেন। কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন:সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপদেষ্টা মাহদী আমিন ও উপদেষ্টা রেহান আসিফ আসাদ স্থানীয় সরকার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদ্বয় মন্ত্রিপরিষদ সচিব এবং অর্থ, তথ্য, পরিকল্পনা ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ।