সারাদেশ

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৪৯, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
photo

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সচল করার লক্ষ্যে যেসব সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান।


মন্ত্রী জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে গতিশীল করতে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা হবে। এক্ষেত্রে যেসকল সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোকে আগে প্রাধান্য দেওয়া হবে। মির্জা ফখরুল বলেন, “যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে নির্বাচনও আগে অনুষ্ঠিত হবে।”


নির্বাচন প্রক্রিয়ার ধারাবাহিকতা ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী উল্লেখ করেন যে, এই পরিকল্পনা অনুযায়ী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য সিটি করপোরেশনে ভোটের আয়োজন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।


স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বহাল থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


প্রশাসনিক দক্ষতা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, আমলাতন্ত্রের তুলনায় রাজনৈতিক প্রশাসকরা জনকল্যাণে এবং মাঠপর্যায়ে অধিক কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম। তাই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।