সারাদেশ

ইরানে অবস্থানরত ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:০৭, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
photo

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ উত্তেজনা এবং ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে সে দেশে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ভারত। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানে থাকা শিক্ষার্থী, পর্যটক, ব্যবসায়ী ও তীর্থযাত্রীসহ সকল ভারতীয় নাগরিককে অতিসত্বর ইরান ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাস থেকে জারি করা এক জরুরি বার্তায় জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরে ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা যেন বাণিজ্যিক বিমান বা উপলব্ধ অন্য যেকোনো যানবাহনের মাধ্যমে দ্রুত ইরান ত্যাগ করেন। গত ১৪ জানুয়ারি জারি করা নির্দেশনার কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়ে দূতাবাস এই কঠোর অবস্থান ব্যক্ত করেছে।

 

উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জন্য দূতাবাস বেশ কিছু সুনির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করেছে। চলমান বিক্ষোভ বা যেকোনো ধরনের জনসমাবেশ এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। পাসপোর্ট, পরিচয়পত্র ও ভ্রমণ সংক্রান্ত জরুরি নথিপত্র সবসময় হাতের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যমের খবরের দিকে নজর রাখতে বলা হয়েছে।

 

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে বেশ অস্থিতিশীল। সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত শোকসভা শেষে রাজধানী তেহরান ও মাশহাদ শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশাল জনতা সরকারবিরোধী স্লোগান দিচ্ছে।

 

অন্যদিকে, আন্তর্জাতিক রাজনীতিতেও চরম উত্তেজনা বিরাজ করছে। আগামী বৃহস্পতিবার জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বসার কথা থাকলেও ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমান, অতিরিক্ত সৈন্য এবং গোলাবারুদ মোতায়েন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা একটি সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

 

সংঘাতপূর্ণ এই পরিবেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন নয়াদিল্লির মূল অগ্রাধিকার।