নিজস্ব প্রতিবেদক
জাতীয় ক্রীড়া ব্যবস্থায় পেশাদারত্ব আনতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। এখন থেকে কেবল ক্রিকেট নয়, জাতীয় দলের সব অ্যাথলেটকে বেতনের আওতায় আনার পরিকল্পনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ ৫১টি ফেডারেশনের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি। ঈদের পরেই এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেট ছাড়া বাকি ফেডারেশনগুলোর চিত্র বরাবরই অবহেলিত। কোথাও অনুশীলনের অভাব, কোথাও আবার নুন আনতে পান্তা ফুরানোর দশা। তবে এই দৃশ্যপট বদলাতে চান নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মূল লক্ষ্য— খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা।
সেই লক্ষ্য পূরণে আজ জাতীয় ক্রীড়া পরিষদে ৫১টি ফেডারেশনের সাথে দীর্ঘ তিন ঘণ্টা মতবিনিময় করেন তিনি। সভায় উঠে আসে বাজেট সংকট ও অবকাঠামোগত সমস্যার নানা অভিযোগ।
শুধু বেতনই নয়, ফেডারেশনগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে গত এক বছরের কর্মকাণ্ডের রিপোর্ট তলব করেছেন প্রতিমন্ত্রী। একইসাথে তৃণমূল থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের কমিটি গঠনের ঘোষণা দেন তিনি। তবে বিতর্কিত কমিটিগুলোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন রদবদলের ইঙ্গিতও পাওয়া গেছে।
পাশাপাশি, সমজাতীয় একাধিক ফেডারেশনকে একীভূত করা এবং ক্রীড়া সামগ্রী আমদানিতে কর মওকুফের বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন আমিনুল হক।
সব বাধা ডিঙিয়ে ঈদের পর অ্যাথলেটদের এই বেতন কাঠামো কার্যকর হলে, দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক যুগের সূচনা হবে— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।