নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হতে পারে।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী একজন অভিজ্ঞ আইনজ্ঞ এবং ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরীর সন্তান। মেধাবী এই আইনজীবীর শিক্ষাজীবন অত্যন্ত সমৃদ্ধ। তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রির জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং লন্ডনের বিখ্যাত ‘লিংকনস ইন’ থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় তার বিশেষ সুনাম রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের পর থেকেই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আইনি পদটি শূন্য ছিল।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর নিয়োগের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত এই শূন্যতা পূরণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।