নিজস্ব প্রতিবেদক
দেশের আইনশৃঙ্খলার সার্বিক অবস্থা পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বিশেষ বৈঠকে বসেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার প্রথম এই আনুষ্ঠানিক নীতি-নির্ধারণী সভা শুরু হয়েছে।
সোমবার বেলা ১১টা ৩৮ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। সভায় মন্ত্রণালয়ের আওতাধীন সকল অধিদপ্তর ও বিভিন্ন বাহিনীর প্রধানরা অংশ নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক হওয়ায় শুরুতে পরিচিতি পর্ব শেষে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হয়। বৈঠকে মূলত নির্বাচন-পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক এলাকার সুরক্ষা এবং জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।
বৈঠকের আলোচ্যসূচিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এছাড়া বিভিন্ন বাহিনীর মধ্যে আন্তঃসমন্বয় বাড়ানো, গোয়েন্দা নজরদারি আধুনিকায়ন এবং কারাগার ব্যবস্থাপনায় পরিবর্তন আনার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। মন্ত্রী মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাদারিত্ব এবং স্বচ্ছতা নিশ্চিত করার ব্যাপারে কঠোর বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
উচ্চপর্যায়ের এই সমন্বয় সভায় উপস্থিত আছেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়: দেলোয়ার হোসেন (ভারপ্রাপ্ত সচিব) পুলিশ ও গোয়েন্দা সংস্থা: পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী, এসবির অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং সিআইডির অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ।
সীমান্ত ও নিরাপত্তা বাহিনী: বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অন্যান্য সংস্থার প্রধান: এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান।