নিজস্ব প্রতিবেদক
শিক্ষা মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মন্ত্রণালয়ে কোনো অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না এবং কাউকে দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার সমাধানের জন্য এখন থেকে আর কষ্ট করে মন্ত্রণালয়ে আসতে হবে না। বর্তমান সরকার শিক্ষার প্রসারে অত্যন্ত আন্তরিক উল্লেখ করে তিনি জানান, শিক্ষকদের যথাযথ মূল্যায়ন এবং শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেলসহ সব ন্যায্য দাবির বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করা হবে।
মতবিনিময় সভায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, দেশে গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই রাজনীতিকরণ করতে দেওয়া হবে না। এ সময় তিনি আরও জানান, দেশে প্রচলিত তিন ক্যাটাগরির শিক্ষা কারিকুলামের মধ্যে বিদ্যমান অসামঞ্জস্য দূর করে একটি সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি আধুনিক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়া বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।