সারাদেশ

শিক্ষামন্ত্রীর কাছে পত্র জমা দিলেন অধ্যাপক নিয়াজ আহমদ খান

ঢাবি উপাচার্যের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩:০৯, ২২ ফেব্রুয়ারী ২০২৬
photo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে তাঁর পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

 

উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ। তিনি জানান, আজ সকালেই উপাচার্য মন্ত্রণালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পদত্যাগপত্রটি গৃহীত হওয়ার পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে।

 

এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান। সে সময় তিনি জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন সংকট কেটে গেছে এবং বর্তমানে প্রতিষ্ঠানটি একটি ইতিবাচক ধারায় ফিরছে। এ অবস্থায় তিনি মনে করছেন, তাঁর সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়।


দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যাতে কোনো প্রশাসনিক শূন্যতা তৈরি না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন বিদায়ী এই উপাচার্য। তিনি জানান, সরকার বা সংশ্লিষ্টরা যদি মনে করেন যে ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর আরও কিছু সময় থাকা প্রয়োজন, তবে তিনি তা বিবেচনা করতে রাজি আছেন।

 

অধ্যাপক নিয়াজ আহমদ খান সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক সরকার যেন তাদের পরিকল্পনা অনুযায়ী প্রশাসন পুনর্গঠন করার সুযোগ পায়, সেই পথ প্রশস্ত করতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি সরকারের প্রতি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

 

তিনি আরও অনুরোধ জানান, যেন দ্রুত তাঁর ডেপুটেশন (প্রেষণ) শেষ করে তাঁকে নিজ বিভাগে শিক্ষকতার মূলে ফেরার অনুমতি দেওয়া হয়। প্রশাসনিক দায়িত্ব শেষে তিনি আবারও নিয়মিত ক্লাসরুমে ফিরে যেতে আগ্রহী।