সারাদেশ

তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩:৫৯, ২১ ফেব্রুয়ারী ২০২৬
photo

 দেশের সমৃদ্ধির লক্ষে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতাকে পরিকল্পিতভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি মনে করেন, যুবসমাজের উদ্যমকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে।


অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, দেশ গঠনে অভিজ্ঞতার যেমন প্রয়োজন আছে, তেমনি তরুণদের অদম্য শক্তি ও নৈপুণ্যকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন উল্লেখ করে তিনি বলেন, "মানুষ শুধু মুখ নিয়ে নয়, বরং কাজের হাত নিয়েও জন্মায়।" বিশাল জনসংখ্যাকে যদি দক্ষ জনসম্পদে রূপান্তর করা যায়, তবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে এখনই এই ক্ষেত্রগুলোতে সমন্বিত কাজ করার আহ্বান জানান তিনি।


বক্তব্যের এক পর্যায়ে দেশের পানি ব্যবস্থাপনা ও জলবায়ুগত চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন এই জ্যেষ্ঠ রাজনীতিক। তিনি আক্ষেপ করে বলেন, বিশ্বের অনেক দেশ যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করে পানির অভাব মেটায়, সেখানে বাংলাদেশে কখনো বন্যার প্লাবন আবার কখনো খরার কারণে ফসলহানি ঘটে। পানির এই সংকট মোকাবিলায় অতিরিক্ত পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে তা ব্যবহারের উপযোগী অবকাঠামো গড়ে তোলার ওপর তিনি জোর দেন।


তরুণদের উদ্যম আর সঠিক প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমেই একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।