নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এই সভা সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ সকাল ১০টার পর তেজগাঁওস্থ কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের প্রাক্কালে তিনি এক আবেগঘন পরিবেশে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী অনেক স্টাফকে তিনি নাম ধরে ডেকে কুশলাদি বিনিময় করেন।
কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় গুরুত্বারোপ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে তিনি নির্ধারিত সূচি অনুযায়ী সম্প্রীতি সুদৃঢ়করণ সংক্রান্ত সভায় যোগ দেন।
প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সরকার ও প্রশাসনের স্তরে নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যা দেশের সামাজিক স্থিতিশীলতা রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।