সারাদেশ

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩:৪০, ২০ ফেব্রুয়ারী ২০২৬
photo

পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় আজ রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। রহমতের দশকের দ্বিতীয় দিনে বরকতময় এই নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

আজ শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টা থেকেই বায়তুল মোকাররম এলাকায় মানুষের আনাগোনা বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী মুসল্লিদের উপস্থিতিতে আজানের আগেই মসজিদের মূল ভবন এবং বারান্দা পূর্ণ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মসজিদের ভেতরে তিল ধারণের জায়গা না থাকায় শত শত মুসল্লিকে বাইরের চত্বর ও খোলা জায়গায় নামাজ আদায় করতে দেখা যায়।

 

নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনা করা হয়।

 

সরেজমিনে মুসল্লিদের সাথে কথা বলে জানা যায়, রমজান মাসে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়ের প্রতি মুসল্লিদের আলাদা আবেগ ও আধ্যাত্মিক টান কাজ করে। প্রতি বছরই অনেকে কষ্ট করে দূর-দূরান্ত থেকে এখানে জুমার নামাজ পড়তে আসেন।

 

রমজানের প্রথম জুমাকে কেন্দ্র করে জাতীয় মসজিদ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে মসজিদের প্রতিটি প্রবেশদ্বার এবং আশপাশের সংযোগ সড়কগুলোতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

 

শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই শেষ হয়েছে রমজানের প্রথম জুমার আনুষ্ঠানিকতা।