সারাদেশ

ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:০১, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
photo

জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই দেশে ২০০ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। আয়ের এই বর্তমান গতিধারা বজায় থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে।

 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত জানুয়ারি মাসে প্রবাসীরা ৩১৭ কোটি মার্কিন ডলার (৩.১৭ বিলিয়ন) পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এর আগে গত ডিসেম্বরে ৩২২ কোটি ডলার এবং গত বছরের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৫ সালে দেশে সর্বমোট ৩ হাজার ২৮২ কোটি ডলার প্রবাসী আয় সংগৃহীত হয়েছে।

 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৫৬ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৭৬৩ কোটি ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। চলতি অর্থবছরের মাসভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নভেম্বর থেকে ধারাবাহিকভাবে রেমিট্যান্সের পরিমাণ ৩০০ কোটি ডলারের আশেপাশে অবস্থান করছে।

 

রেমিট্যান্সের এই চাঙাভাব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন ডলারে (মোট রিজার্ভ ৩৪.৫৪ বিলিয়ন ডলার)। সংশ্লিষ্টরা মনে করছেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর হুন্ডি ব্যবসার প্রভাব কমে আসা এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল হওয়াতেই ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর আগ্রহ বেড়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, নির্বাচন ও আসন্ন উৎসব ঘিরে পরিবারের অতিরিক্ত খরচ মেটাতে প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।