নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।
নাছির উদ্দিন নাছির বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে এসব শক্তি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।’
তিনি বলেন, ‘যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, যারা এখনো স্বাধীনতাকে স্বীকার করে না বা কটাক্ষ করে, তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। তবে মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী অপচেষ্টা রুখতে আদর্শিক ও সাংগঠনিকভাবে শক্ত অবস্থান নিতে হবে। আগামী নির্বাচন সামনে রেখে এখন থেকেই কাজ করতে হবে।’
তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পরও সারাদেশে নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নাছির অভিযোগ করেন, ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে মিথ্যা প্রচারণা চালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ভুল তথ্য ও উসকানির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি।