সারাদেশ

মব জাস্টিস কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩:৪৯, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
photo

মব জাস্টিস বা গণপিটুনির মতো আইনবহির্ভূত কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রী বলেন, বিগত সময়ের অস্থিরতা কাটিয়ে পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। একটি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন যে, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি এবং ব্যাংকিং খাত বর্তমানে অনেকটাই স্থিতিশীল হয়ে এসেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতির আরও উন্নতির আশা প্রকাশ করেন তিনি।

 

মন্ত্রিত্ব গ্রহণের পর নিজের প্রধান চ্যালেঞ্জ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হলো দেশ পুনর্গঠন (To build the nation)। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে পুরো মন্ত্রিসভা কাজ করবে।" গণতন্ত্রকে উন্নয়নের প্রধান উপাদান হিসেবে উল্লেখ করে তিনি জানান, তৃণমূল পর্যায়ের মানুষের সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সরাসরি সম্পর্ক থাকায় মানুষের সমস্যাগুলো সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

 

বিগত নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হিসেবে স্বীকৃত হয়েছে এবং সবাই এটি গ্রহণ করেছে।" অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, গণতন্ত্রে উত্তরণের যে মূল দায়িত্ব তাদের ছিল, তারা সেটি সফলভাবে সম্পন্ন করেছে। তাই তাদের কাজের মূল্যায়নে আলাদা কোনো 'শ্বেতপত্র' প্রকাশের প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।

 

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকা বা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বিষয়টি নিয়ে সরকারের অভ্যন্তরে আলোচনার পর রাজনৈতিকভাবে পরে জানানো হবে।

 

পরিশেষে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের স্থানীয় সরকারে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এই মন্ত্রণালয়কে আরও গতিশীল এবং জনবান্ধব করে তুলবেন।