নিজস্ব প্রতিবেদক
নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে বহুমুখী ব্যাংকিং সুবিধা দিচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকটির বিশেষ নারী ব্যাংকিং সেবা “আয়মা” এর আওতায় গাড়ি কেনা থেকে শুরু করে বাড়ি নির্মাণ, ব্যবসা সম্প্রসারণ ও ব্যক্তিগত প্রয়োজন মেটাতে মিলছে সহজ শর্তে ঋণ, সঞ্চয় ও কার্ড সুবিধা।
ইউসিবির ওয়েবসাইট সূত্রে জানা যায়, আয়মা সেবার আওতায় একজন নারী গ্রাহক গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা অথবা গাড়ির মূল্যের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ঋণের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর। বেতনভুক্ত কর্মকর্তা, চিকিৎসক, স্বনিয়োজিত ও ব্যবসায়ী নারীরা নির্ধারিত আয়ের শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা পাবেন।
নারী উদ্যোক্তাদের জন্য বড় অঙ্কের ঋণ
আয়মা নারী ব্যাংকিংয়ের অন্যতম আকর্ষণ নারী উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ৫ কোটি টাকা ঋণ সুবিধা। ব্যবসা সম্প্রসারণ, কৃষি উৎপাদন ও বিপণনসহ বৈধ ব্যবসায়িক প্রয়োজনে এই ঋণ নেওয়া যাবে। এর মধ্যে ৫০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে ১ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
বাড়ি বা ফ্ল্যাট কেনায় হোম লোন
আয়মা সেবার মাধ্যমে বাড়ি বা ফ্ল্যাট কেনা, নির্মাণ, সংস্কার কিংবা বিদ্যমান ঋণ পরিশোধের জন্য ২ কোটি টাকা পর্যন্ত হোম লোন নেওয়া যাবে। এ ঋণের পরিশোধ মেয়াদ সর্বোচ্চ ২৫ বছর। প্রবাসী বাংলাদেশি নারী (এনআরবি) গ্রাহকেরাও এই সুবিধার আওতায় থাকবেন।
পারসোনাল লোন ও আনসিকিউরড সুবিধা
ব্যক্তিগত প্রয়োজন—যেমন বিয়ে, চিকিৎসা, শিক্ষা, ভ্রমণ বা সিএনজি কনভারশনের জন্য আয়মা সেবার আওতায় ২০ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ জামানতবিহীন পারসোনাল লোন নেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কোনো নগদ জামানত বা সম্পদ বন্ধক রাখতে হয় না।
তিন ধরনের কার্ড সুবিধা
গ্রাহকদের দৈনন্দিন লেনদেন সহজ ও নিরাপদ করতে আয়মা ব্যাংকিং সেবায় রয়েছে মাস্টারকার্ড ক্ল্যাসিক, ভিসা ক্ল্যাসিক ও ভিসা সিগনেচার কার্ড। এসব কার্ডে কেনাকাটায় কিস্তি সুবিধা, ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্ট, ভ্রমণ ও ডাইনিং ছাড়সহ বিমা সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
সঞ্চয় ও আমানত কর্মসূচি
নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকিংয়ের আওতায় আনতে আয়মা এন্টারপ্রেনিউর, স্বনির্ভর চলতি হিসাব, স্বাবলম্বী ইজি অ্যাকাউন্ট এবং আয়মা প্রত্যয় মাসিক সঞ্চয় প্রকল্প চালু রয়েছে। মাত্র ১০ টাকা জমা দিয়ে হিসাব খোলার সুযোগ থাকায় প্রান্তিক নারী উদ্যোক্তারাও সহজে ব্যাংকিং সেবায় যুক্ত হতে পারছেন।
বিশেষজ্ঞদের মতে, আয়মা নারী ব্যাংকিং সেবা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।