সারাদেশ

একটি আসন ছেড়ে দিয়ে ইসিকে চিঠি দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৬:০০, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত একটি লিখিত আবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ইসি সচিবালয় বর্তমানে আসনটি শূন্য ঘোষণার আইনি প্রক্রিয়া শুরু করেছে।

 

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ সাংবাদিকদের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার চিঠি কমিশন গ্রহণ করেছে। তবে এই বিষয়ে চূড়ান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি।


গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো প্রার্থী একাধিক আসনে নির্বাচিত হলে তাকে একটি নির্দিষ্ট আসন বেছে নিতে হয়। আরপিও-র ধারা ১৯(১)(খ) অনুযায়ী, একজন ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচিত হওয়ার সুযোগ পান।


তবে ধারা ১৯(২) অনুযায়ী, একাধিক আসনে বিজয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হয় তিনি কোন আসনটি নিজের জন্য রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হলে আইন অনুযায়ী কমিশন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে এবং সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করা হয়।