নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণের সম্ভাবনা নেই বলে জানা গেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য মন্ত্রিসভার এই অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে একই দিনে ফরাসি প্রেসিডেন্টের সাথে দ্বিপক্ষীয় বৈঠক থাকায় ঢাকা সফরে আসতে পারছেন না ভারতীয় প্রধানমন্ত্রী।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে মোট ১৩টি দেশের সরকারপ্রধানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে:
ভারতীয় কূটনৈতিক সূত্র ও সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, আগামী ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নরেন্দ্র মোদীর সাথে ম্যাক্রোঁর একটি পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে। সেখানে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও যৌথ বিবৃতির কর্মসূচি থাকায় মোদী বাংলাদেশে আসতে পারছেন না। মুম্বাইয়ের কর্মসূচি শেষে দুই নেতা নয়াদিল্লিতে ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ যোগ দেবেন। এটি হবে মোদীর আমন্ত্রণে ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর।
প্রধানমন্ত্রী মোদী আসতে না পারলেও ভারতের পক্ষ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। ধারণা করা হচ্ছে, মোদীর পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণন শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করতে পারেন।
বাংলাদেশের এই রাজনৈতিক পটপরিবর্তনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশি-বিদেশি মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।