সারাদেশ

হর্ন বাজালেই ৩ মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:০৮, ০২ ফেব্রুয়ারী ২০২৬
photo

রাজধানীতে শব্দদূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অফিস, আদালত, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশকে ‘নীরব এলাকা’ ঘোষণা করে হর্ন বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশ অমান্য করলে ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

 

রোববার (২ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও আদালতের ১০০ মিটারের মধ্যে বিস্তৃত এলাকা এখন থেকে ‘নীরব এলাকা’ হিসেবে গণ্য হবে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী, এসব স্থানে হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ।

 

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় (চারপাশের ও ভেতরের রাস্তা এবং পার্কিং জোন) এই নিয়ম কার্যকর হবে। বিধি অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ বিষয়ে সকল সরকারি ও বেসরকারি গাড়িচালকদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।