নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তৎকালীন এপিবিএন প্রধান আলী হোসেন ফকিরকে পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ প্রদান করে। আজকের এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেন।
মো. আলী হোসেন ফকির বিসিএস ১৫তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাহিনীতে যোগদান করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠপর্যায়ে নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আরআরএফ সিলেটে কমান্ড্যান্ট এবং খুলনা, ঢাকা ও সিলেটের বিভিন্ন এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবেও সফলতার পরিচয় দিয়েছেন। ডিআইজি পদে তিনি পুলিশ সদরদপ্তর ও স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত ছিলেন।
পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কসোভো ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। কাজের প্রয়োজনে ও উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং অফিসার্স ক্লাব ঢাকাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত।
মেধাবী এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম সম্পন্ন করার পর এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।