প্রতিবেদন প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, সময়ঃ ০৩:৫২
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ার জন্য আমরা জানি জলবায়ু পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টি, রোদ, তাপ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিবর্তিত হচ্ছে। আমাদের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিরোধে সরকার কাজ করে যাচ্ছে।
রবিবার নগরীর বেলস পার্ক মাঠে বেলুন, ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ, অভিযান ও মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তথ্য মন্ত্রী বনবিভাগের যে কোন উদ্যোগকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বৃক্ষায়ণ, সবুজায়নের গুরুত্ব সবাইকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে বলে জানান।
জহির উদ্দিন স্বপন বলেন, জলবায়ুর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ অন্যতম ঝুঁকির মধ্যে আছে। তার মধ্যে বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো থাকবে। এই সমাস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই আমাদের তাপমাত্রা বসবাসযোগ্যের বাইরে চলে যাবে। এই গ্রহকে মানুষের বাসযোগ্য করতে হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ গ্রহণ। প্রতিবছর ৫ কোটি করে বৃক্ষ রোপণ করা হবে। এ লক্ষ্যেই সারাদেশে এই বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
পরে তিনি বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আগত ৫০ টি নার্সারি অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা।
মেলায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।