প্রতিবেদন প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, সময়ঃ ০৪:৫৬
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার দুপুরে কক্সবাজারের ৫০০ শয্যাবিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কিসের হাসিনা, তার তো কোনো চেহারা দেখা যায় না, মাঝেমধ্যে শুধু কিছু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। হাসিনা মাঝেমধ্যে উঁকিঝুঁকি দেয়, চিৎকার করলেও আমরা মনোযোগ দিচ্ছিনা।
দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হলেও আওয়ামী লীগের এই রাজনীতি বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না। বর্তমানে দেশের জনগণ কেবল উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তাই প্রত্যাশা করে।
এর আগে সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ‘ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১’-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে কক্সবাজারের পর্যটন সম্ভাবনা, নীল অর্থনীতি বা ‘ব্লু ইকোনমি’ ও পরিবেশ সংরক্ষণের ওপর বিস্তারিত আলোচনা করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সমুদ্রভিত্তিক অর্থনীতির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হলে মৎস্যসম্পদ, বন্দর, জ্বালানি ও সামুদ্রিক গবেষণাকে সমন্বিত উপায়ে যুক্ত করতে হবে। তবে পর্যটনের প্রসারে শুধু উঁচু উঁচু ইমারত নির্মাণ না করে প্রকৃতির ভারসাম্য ও সৌন্দর্য বজায় রাখাকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দেন তিনি।
পর্যটন বিকাশের স্বার্থে বিগত সময়ে ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সম্পর্কিত সিদ্ধান্তগুলো বাস্তবসম্মত জরিপের মাধ্যমে পুনর্বিবেচনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। এছাড়া সামুদ্রিক শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সরকারি পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।
হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৫০০ শয্যার এই নতুন হাসপাতাল ভবন নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটক ও সীমান্তবর্তী এলাকার মানুষের আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।