প্রতিবেদন প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, সময়ঃ ০৪:৩০
সরকারকে হেয় প্রতিপন্ন করতে একটি পক্ষ সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অন্তর্বর্তী সরকারের সময় যারা ক্ষমতা ভোগ করেছেন, তারা ক্ষমতা হারিয়ে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতির উপস্থিতিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি গোষ্ঠী গোলযোগ সৃষ্টির চেষ্টা করেছে উল্লেখ করে তিনি একে 'মব কালচার' বলে আখ্যা দেন। প্রতিমন্ত্রীর মতে, এ ধরনের কর্মকাণ্ডের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তির অপূরণীয় ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্ট বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারকে অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর ছিল না, বরং এটি ছিল সমগ্র দেশবাসীর এক যৌথ সংগ্রাম।
জুলাইযোদ্ধা পরিচয় ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করা ব্যক্তিদের কঠোর সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ইতিহাস বিকৃত করার কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে প্রদর্শিত সংক্ষিপ্ত তথ্যচিত্র কোনো ইতিহাস লেখার প্রয়াস ছিল না উল্লেখ করে তিনি জানান, আন্দোলনের সহযোদ্ধাদের অবদান অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। প্রতিবাদ জানানোর সভ্য পদ্ধতি থাকা সত্ত্বেও তা অনুসরণ না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের থেকে বিভিন্ন অভিযোগ পাওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা আন্দোলনকারীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে, তারা শহীদদের জন্য নির্ধারিত বরাদ্দের টাকা নিয়েও অনিয়ম করেছে। বর্তমান দায়িত্বপ্রাপ্তদের হেয় করতে গিয়ে তারা দেশের সম্মান ক্ষুণ্ন করতেও পিছপা হচ্ছে না বলে তিনি অভিযোগ আনেন।