মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে স্বপ্নপূরণ ক্ষুদে শিল্পী অনুশ্রীর, উপহার পেলেন হারমোনিয়াম

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, সময়ঃ ০৫:৩২

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করেছেন বাগেরহাটের সিকদারবাড়ির নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব।

 

আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে 'জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬'-এ দেশের গানে প্রথম স্থান অর্জনকারী অনুশ্রী।

 

গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত 'জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬' প্রদান অনুষ্ঠানে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লিখেছিল। চিঠিতে সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়ামের প্রয়োজন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছার কথা জানায় সে।

 

অনুশ্রী সরাসরি চিঠিটি দিতে না পেরে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার হাতে জমা দিয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন মুঠোফোনে অনুশ্রীর পরিবারকে জানান যে, প্রধানমন্ত্রী তার চিঠিটি পড়েছেন এবং তাদের সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুশ্রীর সংগীতচর্চার খোঁজখবর নেন এবং চিঠিতে চাওয়া হারমোনিয়ামটি উপহার হিসেবে তার হাতে তুলে দেন। এ সময় অনুশ্রী প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গান শুনিয়ে মুগ্ধ করে। প্রধানমন্ত্রী তার প্রতিভার প্রশংসা করেন এবং ভবিষ্যতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনভূতি প্রকাশ করতে গিয়ে অনুশ্রী জানায়, “কখনো বিশ্বাসই করতে পারিনি যে, আমার চিঠি প্রধানমন্ত্রী পড়বেন এবং আমাকে সাক্ষাতের জন্য ডাকবেন। আমার পরিবারের পক্ষে হারমোনিয়াম কেনার সামর্থ্য ছিল না। আজ প্রধানমন্ত্রী আমাদের অবাক করে দিয়ে দেখা করেছেন এবং হারমোনিয়াম উপহার দিয়েছেন।”

অনুশ্রীর বাবা আবেগাপ্লুত হয়ে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক কার্যক্রমের গল্প শুনেই অনুশ্রীর বিশ্বাস জন্মেছিল যে চিঠি লিখলে সাড়া পাওয়া যাবে। আজ আমরা কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না।”

এদিকে একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তাবিউল ইসলাম রাকিব নামে এক নিরাপত্তাকর্মী। তিনি রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকায় একটি বেসরকারি ভবনে কর্মরত।

ছোটবেলা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের ভক্ত রাকিব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। ভিডিওতে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তিনি ঢাকা ছাড়বেন না। সেই ভিডিও নজরে আসার পর প্রধানমন্ত্রী তাকে সাক্ষাতের সুযোগ দেন।

সাক্ষাৎকালে রাকিব তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের জনদাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি জানান, নদী পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে; এখানে একটি সেতু নির্মিত হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।

প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায় অনুশ্রী, তার পরিবার এবং নিরাপত্তাকর্মী রাকিব গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।