প্রতিবেদন প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, সময়ঃ ০৮:৪৫
শহীদ পরিবারের পুনর্বাসন ও কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে অনুষ্ঠিত জুলাই শহীদদের স্মরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, "জুলাই শহীদদের আত্মত্যাগের বলেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে। বিএনপি আজীবন জুলাই শহীদ এবং তাদের পরিবারের পাশে থাকবে।"
সুদীর্ঘ ১৫-১৬ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দীর্ঘ আন্দোলনের পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে জনগণ কাঙ্ক্ষিত সুফল পেয়েছে। তিনি শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রনেতা মিনহাজুল আবেদীন নিঝুম, মারুফ সারওয়ার রুবেল ও সাইদুর রহমান সাঈদের পরিচালনায় আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।