তারা নাকি ডিসেম্বরে আসবে, দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, সময়ঃ ০৬:৪৫

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "দেশে আসেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে।"

 

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাজপথে মুখোমুখি হওয়ার আহ্বান: ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার প্রচারণার বিষয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, "পলাতক ফ্যাসিস্ট বলে যে ডিসেম্বর মাসে তারা দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষায় আছি। দেশে আসেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে।"

 

আওয়ামী লীগের ভূমিকা ও অনুশোচনার অভাব: তিনি উল্লেখ করেন, "এত অন্যায়-অবিচার, খুন-গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর—এসবের জন্য তাদের কোনো অনুশোচনা বা লজ্জাবোধ নেই। আমরা আর আওয়ামী লীগ হতে পারব না, হতেও চাই না।"

 

জুলাইযোদ্ধাদের প্রতি দায়িত্ব: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, শহীদ পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে পবিত্র দায়িত্ব।

 

গণতন্ত্র পুনর্গঠনের অঙ্গীকার: ৮২ বছর বয়সী হাফিজ উদ্দিন আহমদ নিজের মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ করে জানান, শেষ বয়সে এসেও জনগণের জন্য সুশাসন ও গণতন্ত্র চিরস্থায়ী করে যেতে চান। তিনি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।