প্রতিবেদন প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, সময়ঃ ০৬:১৩
৫ আগস্ট স্বৈরাচারের পতনের দিনই নয়, এটি বাংলাদেশের জনগণের বিজয়ের দিন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয়; দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ এই বিজয় ছিনিয়ে এনেছে। সেই বিজয়ের চেতনাকে ধারণ করে পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
বুধবার দুপুরে রাজধানীর পল্লবীতে রূপনগর-পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের আন্দোলন, মামলা, হামলা, গুম ও নির্যাতনের ধারাবাহিকতার ফল। এ আন্দোলন দেশের সাধারণ মানুষের আন্দোলন এবং সেই বিজয়ের সুফল জনগণের কাছেই পৌঁছে দিতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিকে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে প্রতিটি গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পল্লবী-রূপনগরের প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা প্রতিটি গাছের সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের বিকল্প নেই। বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলদারি বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আইন নিজের গতিতেই চলবে।
অনুষ্ঠানে মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, ফজলুল হক লাভলুসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, ফজলুল হক লাভলু, রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইঞ্জি: মুজিবুল হক,পল্লবী থানা যুবদলের সভাপতি নুর সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পী, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার সদস্যসচিব রবিউল করিম বাবু, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি মনিরুজ্জামান রনি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।